চল্ মা পড়ি সটকি
----------------------------------
মাগো , চুপি চুপি বলছি তোরে
একটা কথা শোন ,
আর থাকতে হেথা পারছি নাকো
মানছে নাকো মন ।
দিদুকে তুই বুঝিয়ে বল্
সগগে ফিরে যেতে ,
এসে হেথায় দেখছি এবার
দিচ্ছে না ঠিক খেতে ।
শুধুই এরা মাইক বাজায়
ফাটায় পটকা বেমক্কা
শব্দ শুনে চমকে উঠি ,
ভাবি , পেলাম বুঝি অক্কা ।
মাসীকে নাকি বসায়নি ঠিক
বলছিল তার হাঁসটা ,
বাঁ-পাটা তার গেছে বেঁকে ,
ব্যথা করছে বাঁ- পাশটা ।
গণেশ মামার ইঁদুরটা মা
ভীষণ রকম ছিঁচকে ,
চুরি করে খায় নৈবিদ্দির চাল
হাসে মিচকে মিচকে ।
কার্তিক মামার ময়ূরটা মা
আনন্দেতেই আছে ,
সব্বো সময় নেচে বেড়ায়
সামনে কিম্বা পিছে ।
রাত্রিকালে জানিস তো মা
আমার ঘুম হয় না মোটে ,
সিংহীদাদু বলছিল মা
ইচ্ছে পালায় ছুটে ।
এর থেকে মা, পরে আসিস্
আনবে যখন একা
এখন সবাই দিদুকে ডাকে ,
আমার লাগে বোকা বোকা ।
ছোটো মাসীরও ইচ্ছেটা তাই
এখন চলে যাবে ,
কথা বলে দেখিস মাগো
নইলে কি আর হবে ?
অসুর দাদুও সণ্তুষ্ট নয়
মাংস মোটেই নাই ,
সার্বজনীন পূজোয় মা ,
সার ঢাকের বাদ্দিটাই।
আমারও মা একই দশা ,
খাই চাল কলা অখাদ্য
চোখটি চেয়ে দেখি বসে
নাই উড়ে যাবার সাধ্য ।
এবার তোদের শাড়ী কাপড় ,
দ্যায় নি ভালো রকম ,
দিদুর ভাগ্যে ভালো হলেও
কলাবৌয়েরটা বেজায় অধম ।
সগগে থাকি খুশ-মেজাজে
দিদুর বাপের বাড়িতে কষ্ট ,
কাজ কি মা সবাই আসার
শুধুই সময় নষ্ট ।
এরপরে আর আসবো না মা
আসবে সিংহী - অসুর ,
তাদের তো মা আসতেই হবে
নইলে দিদুর হবে কসুর ।
দিদু যদি থাকে থাকুক
আমরা পালাই চল্
মামাদের আর মাসীকে মা
বুঝিয়ে তুই বল্ ।
প্যাঁচা হলেও তোরই কৃপায়
বুদ্ধি আমার কম কি?
যুক্তি করে দিদুর সাথে ,
চল্ মা পড়ি সটকি ।
----------------××××------------
No comments: