বিদায় হে বঙ্গ শত চতুর্দশী
শ্রী কানাইলাল চক্রবর্তী
(বঙ্গাব্দ চতুর্দশ শতক শেষে পঞ্চদশ শতককে আহ্বান করে কবিতাটি লেখা হয়।)
সূর্যোদয়ের সাথে সাথে নিঃশব্দে
হারিয়ে গেল, বঙ্গ শত চতুর্দশী,
যার গলায় ঝলমল করছিল
অনেক হাসি আর কান্নার--হীরে
মোতি পান্নার ফুল। চপল চরণে
তার বেজেছিল অনেক নুপুর
যার নিক্কনে ঝরেছিল, আশা
আর নিরাশার, দুঃখ আর বেদনার
আনন্দ আর ব্যথা--নিঃশব্দে-নীরবে।
সবথেকে উজ্জ্বল ছিল তার নাকে,
হীরের নাকছাবিটা-- আমাদের
চির আকাঙ্খিত-- স্বপ্নের স্বাধীনতা।
যদিও সে হীরেটাকে চিনতে পারিনি
আমরা। তবুও তার উজ্জ্বলতা, দ্যুতি
ছড়িয়েছে প্রতিক্ষণে। সে চলে গেল,
দিয়ে গেল নতুনকে বরণের কালে
সেই স্বাধীনতার নাকছাবিটা। বলে
গেল, "রেখ সযতনে"। এ নিধি
হারায়ে পুনঃ, পেতে গেলে, তার
দাম লাগবে---অনেক অশ্রু, অনেক
বেদনা, আর অজস্র তাজা প্রাণ।
এসবের সাক্ষী সে ছিল----,
শত বরষের বঙ্গ শত চতুর্দশী।
তাই তার সেই নীরব সতর্ক বানীকে
সার্থক করতে, আমরা পঞ্চদশী
শতাব্দীকে বলবো--হারিয়ে ফেলোনা
যেন ঐ হীরেটাকে।
--"রেখো সযতনে"।
No comments: