ওঁ শ্রীশ্রীগনেশায় নমঃ
শ্রী কানাইলাল চক্রবর্তী
গণেশমামা পেটটি ধামা,
কানদুটো তো কুলো,
গজদন্তের একটি ভাঙা,
দেখতে যেন মূলো।
বাহন তোমার ছিঁচকে ইঁদুর,
ল্যাজটি বেশ লম্বা,
গোঁফগুলোতে দ্যায় সে চাড়া
যেন, সেইবা কিসে কম-বা।
কলাগাছকে করলে বিয়ে,
বউ পেলে না রাঙা,
ঘাড়টি গুঁজে দাঁড়িয়ে থাকে,
ঘোমটা দিয়ে টানা।
মহাভারত লিখতে গিয়ে
হলে নাস্তা-নাবুদ,
ব্যসদেব তো সাক্ষী আছে
নাই বা রইলো সাবুদ।
তুমি মামা খুবই চতুর
ঘুরলে মাকে একপাক,
দাদা তোমার বেরিয়ে গেলো
দিতে ভুবন ঘুরপাক।
এসে দ্যাখে মায়ের কোলে
খাচ্ছো তুমি দোল,
জয়ের হারটি তোমার গলায়,
হেরে, লাগালো সে গোল।
দেবতাকুলে তুমি নাকি
মস্তানদের "ডন"?
তোমার ভয়ে সবাই কাঁটা
যেন হিরোদের "বচ্চন"।
মর্তে তুমি সিদ্ধিদাতা
শুঁড়টি তোমার দোলে
তোমাকে উল্টিয়ে নাকি
লাল বাতিটি জ্বালে।
মাথা তোমার নীচের দিকে
উপর দিকে চরণ,
এটাই নাকি, পরের পয়সা
ফাঁকি দেবার ধরণ।
ব্যাবসাদারের পক্ষে থাকো
ভাবনা তোমার নাই।
আমরা ক্রেতা ঘুরে মরি
বিচার নাহি পাই।
তুমি মামা, আমরা তোমার
ভাগনেরা অগুনতি,
দিদুর কাছে করবো নালিশ
তখন 'পারবা জানতি'।
মতি তোমার ফিরবে কবে?
আসবে ক্রেতার দিকে
'বেওসাদারকে' ছাড় এবার
শুধিয়ে তোমার মাকে।
দেখেছি তোমার নিত্যপূজো
তারা, কিভাবে যে করে,
আসে একজন পুরুতঠাকুর
সে রাস্তা থেকেই মন্ত্র পড়ে।
এসেই দুটো ফুল ছুঁড়ে দ্যায়
তোমারই উদ্দেশ্যে,
ঘটির ভিতর পড়লে পয়সা
যায় চলে নিমেষে।
তাতেই তুমি বাঁধা আছো,
ওনাদের ঐ 'বেওসা ঘরে'।
না-আছে চাল-কলা, মিষ্টি
পাওনা খেতে পেটটি পুরে।
কলাবউ তো কেঁদেই সারা
না-খাওয়ারই জ্বালাতে,
নেহাত স্বামী, তাই পারেনা
তোমায় ছেড়ে পালাতে!
তবু তোমার হুঁস হবে না?
খেলবে 'সিক অ্যান্ড হাইড'।
মামা! বলো ছাড়বে কিনা
বেওসাদারদের সাইড?
তুমি চালাক মামা 'বংশীবদন'
আমরা 'মদন' ভাগনে কূল
গাড়ি তোমার উল্টে দেবো
দেখবে চোখে সরষেফুল।
হুঁ!.....
No comments: