Sponsor

banner image

recent posts

গ্যাট চুক্তি

                         গ্যাট চুক্তি


  (গত শতাব্দীর নয়ের দশকে গ্যাট চুক্তিতে ভারত স্বাক্ষর করে। তার প্রেক্ষিতে কবিতাটি লেখা হয়েছিল)। 


               শ্রী কানাইলাল চক্রবর্তী


মানুষের অভিধানে, 

মনীষীর উপাখ্যানে

লেখা আছে বহু ভালো কথা।

কিন্তু সেসব ভুলে,

বিবেক রাখিয়া তুলে, 

আমরা শিখেছি শুধু স্বার্থান্ধতা।


মারণ যজ্ঞের তরে, 

সাজায়ে রেখেছি ঘরে, 

শান দেয়া বহুতর অস্ত্র ও শস্ত্র।

যার যত অস্ত্র আছে, 

সেই তত বাড়িয়াছে, 

ছদ্মবেশের তরে আছে বহু বস্ত্র।


নিমেষ ফেলিতে তাই,

লুকাইয়া ফেলি ভাই, 

নিজের সে বীভৎস রূপ বিকৃতি।

গায়ে দিয়ে নামাবলী,

আওড়াই নামাবলী, 

দেখাইতে চাহি মোর কত সুকৃতি।


দেশে দেশে ঘুরি ফিরি, 

করিয়া ফন্দি-ফিকিরি,

প্রিয় দেশবাসীরে কিভাবে বোঝাই।

ব্যয় করি বহু অর্থ,

আনিয়াছি পরমার্থ, 

দেশের ভবিষ্যৎ ভালো হবে তাই।


বর্তমান দুঃখ কষ্ট,

 অচিরে হবে বিনষ্ট,

 কৃচ্ছতা দরকার আরো কিছুদিন।

 করিয়াছি গ্যাট চুক্তি  

 বেকারের হবে মুক্তি, 

  দেশে আর কেহ না রবে দীন-হীন।

  

আসিবে বিদেশী পুঁজি, 

তারা সব লবে বুঝি,

কোথায় মোদের কোন শিল্প প্রয়োজন।

 এহেন দয়ালু তারা, 

 প্রেমে মোরা মাতোয়ারা, 

 অচিরে মোদের চিন্তা হবে প্রশমণ।


 গড়ি শিল্প কারখানা, 

 ভরি দিবে দেশখানা, 

 আধুনিক প্রযুক্তির আসিবে জোয়ার।

 তাই তো এনেছি ধরে,

 বিদেশী বেনিয়া ঘরে, 

 আমাদের ভাগ্যের খুলে দিতে দ্বার।


 ধনী দেশ দরিদ্রেরে,

 অর্থ দিবে প্রেমভরে, 

 হৃদয় তাদের দেখ অতীব মহান।

 গড়িতে মোদের দেশ,

 চিন্তার নাহিক শেষ, 

 নিজ স্বার্থ পরার্থে, করিবে সে দান।


 'গ্যাটের' এ গাঁটছড়া, 

  শক্ত গেরো দিয়ে গড়া,

  কেহ যেন না পারে,তাহারে ছিঁড়িতে।

  ধাপে ধাপে শক্ত হবে, 

  তবে সবে ভক্ত রবে, 

  চিরতরে বাঁধা রবে একটি দড়িতে।


  ভয় হয় প্রতিক্ষণে, 

  চিন্তা জাগে কবি মনে,

  ইতিহাস যদি সত্য হয় আর বার।

  বণিকের অর্থ প্রেম, 

  যদি হয় রাজক্ষেম,

  স্বাধীনতা হারাইবে ভারত আবার।


 10ই অক্টোবর 1995

 22শে আশ্বিন 1402






  


গ্যাট চুক্তি গ্যাট চুক্তি Reviewed by K.L. Chakraborty on August 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.