Sponsor

banner image

recent posts

হে আমার জননী পৃথিবী

 হে আমার জননী পৃথিবী


                 শ্রী কানাইলাল চক্রবর্তী


  হে আমার মাটির পৃথিবী!

    তোমার দিগন্তে ঐ রক্তিম দিনপতি     

    ললাটে তোমার লাল সিঁদুরের টিপ।

    সোহাগ মাখানো স্পর্শ তার,

     সারা অঙ্গে নিয়েছ জড়ায়ে তুমি,

                 হে আমার জননী পৃথিবী!


   হে আমার শান্তির পৃথিবী!

       আশ্বিনের মাঝামাঝি,  ---শরতের হিমেল হাওয়ায়,

    যে মায়া ছড়ায়, মৃদু বাতাসের ঢেউ,

    মাথাটি দোলায়, ঐ সবুজ গালিচা

    সারা মাঠ জুড়ে, সবুজের সমারোহ।

              হে আমার সবুজ পৃথিবী!


 হে আমার নিঃশব্দ পৃথিবী!

   রাতভর ঝরে পড়া শিশিরের কণা,

   চাঁদ থেকে ঝরে পড়া জোছনার মায়া

   জড়ায়ে রয়েছে তব সারা অঙ্গে, 

   বুকে তার সাতরঙা রামধনু আলো,

       হে আমার মায়াবী পৃথিবী!


 হে আমার রঙীন পৃথিবী!

   আলের সবুজ ঘাসে মাকড়সারজাল

   তারি মাঝে মুক্তাবিন্দু রামধনু মায়া

   হঠাৎই লাফিয়ে ওঠে, লাফাঙ্গা ফড়িং

   গায়ে তার মাখামাখি রাতের শিশির,

        হে আমার প্রাণের পৃথিবী!


  হে আমার আলোর পৃথিবী!

    তোমার ঐ দিকচক্রবালে ধীর অস্তগামী,

     দিনশেষে গোধূলির লাল সূর্য,

     মাখায়েছে তব অঙ্গে অপূর্ব লালিমা

     ভোরের প্রত্যাশা নিয়ে---

"পুনরাগমনায় চ।"

             হে আমার রক্তিম পৃথিবী!


  হে আমার রাত্রির পৃথিবী!

     মায়াভরা গ্রাম, নদী, পাখীর কূজন,

    দিনশেষে আকাশের কোলে হাতছানি দেয়,

    চিরন্তন, পূর্ণিমার রূপোর থালাটা,

    ছেয়ে ফেলে মোহিনী মায়ায়, মাটির এ পৃথিবীকে,

      হে আমার শতরূপা জননী পৃথিবী!  

                          ---তোমারে প্রনাম।

হে আমার জননী পৃথিবী  হে আমার জননী পৃথিবী Reviewed by K.L. Chakraborty on July 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.